শেষ বেলায় বাড়ল শেয়ারদর ও সূচক

যুদ্ধ অবসানে উভয় পক্ষের আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিতে ইতিবাচক সাড়া দিয়েছে দেশের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার তথ্য দিয়ে একতরফা যুদ্ধ স্থগিতের আভাস দিলে তার সুবাতাস মঙ্গলবারই লেগেছিল বিশ্ব শেয়ারবাজারে।
গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৫৩ কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ২২২টির, যা মোটের প্রায় ৬২ শতাংশ। অবশ্য ৯২ কোম্পানির শেয়ার দর হারিয়েছে এবং অপরিবর্তিত থেকেছে ৩৯টির দর। যদিও লেনদেনের মাঝে ২৭৮ কোম্পানির শেয়ার দর হারিয়েছিল। লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় ১৪৯ কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে ১৭৯টি দর হারিয়ে কেনাবেচা হয়। বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৫৩১৬ পয়েন্ট ছাড়িয়েছে। যদিও শেষ ঘণ্টার দর বৃদ্ধিতে ভর করে সূচকটি ৪১ পয়েন্ট বেড়ে ৫৩২৬ পয়েন্ট ছাড়িয়েছিল। শেয়ারের সমাপনী মূল্যের হিসাবে সূচকের সর্বশেষ অবস্থান কিছুটা কমে।
বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতে মিশ্রধারার বাইরে অন্য সব খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তুলনামূলক বেশি বেড়েছে বীমা খাতের শেয়ারদর। ৫৮ কোম্পানির মধ্যে ৫৬টির দর বৃদ্ধির কারণে খাতটির গড় দর বেড়েছে সোয়া ৩ শতাংশ।
গতকাল শেয়ার কেনাবেচাও বেড়েছে। ডিএসইতে গতকাল কেনাবেচা হওয়া সব শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৬০৪ কোটি টাকা, যা আগের দিনের থেকে ১১১ কোটি টাকা বেশি। একক খাত হিসেবে প্রকৌশল খাতের সর্বাধিক সোয়া ৮২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
সম্পর্কিত খবর

যুদ্ধ ও মন্দার প্রভাবে পোশাক রপ্তানিতে ধস
০৫/০৪/২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধ
০৪/০৪/২০২৬

এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
০২/০৪/২০২৬

টাঙ্গাইলে মোটরসাইকেল বিক্রিতে ধস
০১/০৪/২০২৬

ঋণ বিতরণে এক হাজার কোটি টাকা পাচ্ছে বিএইচবিএফসি
২৬/০৩/২০২৬

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা
২৬/০৩/২০২৬
